সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে প্রধানমন্ত্রীর বার্তা
- আপডেট সময় : ০৪:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ কাউন্সিল বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের হাতে চিঠিটি তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাম্প্রতিক সহযোগিতার অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন উভয় পক্ষ। পাশাপাশি দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দুই দেশের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতেও উচ্চপর্যায়ের সফর অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে জানান, বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সৌদি আরব আগ্রহী। তিনি বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম এবং দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বিবেচনা করছে।
এ সময় সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন প্রিন্স ফয়সাল। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সাক্ষাতে সৌদি আরবের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুলকারিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।























