সাভারে প্রতিবাদ করতে গিয়ে হামলায় প্রাণ গেল পুলিশের
- আপডেট সময় : ০৩:৫৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালকের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।
পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন।
শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন।
এ সময় একটি প্রাইভেট কার এসে রিকশাটিকে ধাক্কা দেয়।
পরে গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি নেমে ওই বৃদ্ধকে মারধর শুরু করেন।
এ সময় ঘটনাস্থলের কাছাকাছি থাকা এসআই আলতাফ হোসেন এগিয়ে এসে হামলার প্রতিবাদ করেন এবং বৃদ্ধকে রক্ষার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, এরপর দুর্বৃত্তরা তার ওপরও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করতে গিয়েই এসআই আলতাফ হোসেন হামলার শিকার হন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।















