বরিশাল শিল্পকলা কি জাসাসের নিয়ন্ত্রণে?সাগর ও তুহিনের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের মুখে একাডেমি!
- আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। সরকারি প্রতিষ্ঠানের নাম জেলা শিল্পকলা একাডেমি। হওয়ার কথা ছিল শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠকদের মুক্তচর্চার কেন্দ্র। কিন্তু বরিশাল জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে এখন যে অভিযোগের পাহাড় জমেছে, তাতে প্রশ্ন উঠছে,এটি কি সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নাকি নির্দিষ্ট একটি রাজনৈতিক সাংস্কৃতিক বলয়ের প্রভাব বিস্তারের ক্ষেত্র?
অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং সংগঠনটির বরিশাল দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর ও মহানগর আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিনের নাম। মিলনায়তন বরাদ্দ থেকে শুরু করে অনুষ্ঠান আয়োজন, প্রশিক্ষক ও বিচারক নির্বাচন, এমনকি সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তেও তাঁদের প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক সাংস্কৃতিক কর্মী।সবচেয়ে বড় প্রশ্ন, সরকারি প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা পেতে যদি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে হয়, তাহলে শিল্পকলা একাডেমির প্রশাসনিক কর্তৃত্ব কোথায়?
আওয়ামী লীগের বলয় থেকে জাসাসের প্রভাব,শিল্পকলায় কি পাল্টেছে শুধু কর্তৃত্বের নাম?
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ নতুন নয়। অতীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও আওয়ামী লীগঘনিষ্ঠ সাংস্কৃতিক বলয়ের প্রভাব নিয়ে অভিযোগ ছিল। সে সময় রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা অনেক সাংস্কৃতিক কর্মী যথাযথ সুযোগ পাননি বলে অভিযোগ উঠেছিল।কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই পুরোনো সংস্কৃতির অবসান হওয়ার পরিবর্তে নতুন করে আরেকটি বলয়ের প্রভাব বিস্তারের অভিযোগ সামনে এসেছে।সাংস্কৃতিক কর্মীদের প্রশ্ন, আগে একটি রাজনৈতিক বলয়ের বাইরে থাকা ব্যক্তিরা উপেক্ষিত হয়েছেন, এখন কি অন্য রাজনৈতিক পরিচয়ের সংগঠনের বাইরে থাকা শিল্পীদের একই পরিণতি হচ্ছে?
অভিযোগকারীদের দাবি, বরিশালের দীর্ঘদিনের অভিজ্ঞ শিল্পী, নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী ও পুরস্কারপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের অনেকেই এখন একাডেমির বিভিন্ন আয়োজন থেকে কার্যত দূরে। অন্যদিকে, নির্দিষ্ট কয়েকটি সংগঠন ও ব্যক্তিকে ঘিরেই অনুষ্ঠান, প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।অর্থাৎ, রাজনৈতিক পরিচয়ের পালাবদল হলেও সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিচালনায় পক্ষপাতের অভিযোগের অবসান হয়নি।
মিলনায়তন বরাদ্দেও কি জাসাসের সুপারিশ লাগে?
সরকারি শিল্পকলা একাডেমির মিলনায়তন বরাদ্দ পাওয়ার নিয়ম কী? আবেদন, প্রশাসনিক অনুমোদন এবং নির্ধারিত প্রক্রিয়াই কি যথেষ্ট, নাকি এর বাইরেও রয়েছে কোনো অদৃশ্য সুপারিশব্যবস্থা?একাধিক সাংস্কৃতিক কর্মীর অভিযোগ, একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমানের সঙ্গে অনুষ্ঠান আয়োজন, মিলনায়তন বরাদ্দ কিংবা সম্মানী ও বিল-ভাউচার নিয়ে যোগাযোগ করতে গেলে তাঁদের জাসাসের বরিশাল দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এবং মহানগর আহ্বায়ক মীর আদনান আহমেদ তুহিনের সঙ্গে যোগাযোগের কথা বলা হয়।
একটি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন, সহযোগিতা করতে পারেন,কিন্তু সরকারি প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বণ্টনে তাঁদের সুপারিশ কেন প্রয়োজন হবে,এ প্রশ্নের উত্তর দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই।
জেলা প্রশাসকের টেবিলে অভিযোগ, নারী হয়রানির অভিযোগও সামনে!
শিল্পকলা একাডেমিকে ঘিরে অভিযোগ শুধু প্রভাব বিস্তার কিংবা অনুষ্ঠান বরাদ্দের মধ্যেই সীমাবদ্ধ নেই। অর্থব্যয়, বিল-ভাউচারের স্বচ্ছতা এবং সাংগঠনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগও উঠেছে।
জানা গেছে, গত অক্টোবর মাসে সাংস্কৃতিক কর্মী কানিজ জোহরা বরিশালের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. মামুন খন্দকারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে একাডেমিতে প্রভাব বিস্তার, অনিয়ম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয় তুলে ধরা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে জাসাস নেতা সাব্বির নেওয়াজ সাগরের বিরুদ্ধে নারী হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন কানিজ জোহরাসহ কয়েকজন নারী।অভিযোগকারীরা এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছেন।
প্রশ্ন হচ্ছে, একজন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে? অভিযোগকারীদের নিরাপত্তা, বক্তব্য এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা কী?
সাংস্কৃতিক কর্মকর্তার বক্তব্যেই নতুন প্রশ্ন!
এ বিষয়ে জাসাসের প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করে জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা তানভীর রহমান বলেন, মিলনায়তন বরাদ্দ পেতে জাসাস কোনো সমস্যা করবে না, তবে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তিনি এখান থেকে চলে যেতে পারলে বাঁচেন।তাঁর এই বক্তব্য ঘিরেও নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল কর্মকর্তা যদি কর্মপরিবেশ নিয়ে এমন মন্তব্য করেন, তাহলে সেখানে প্রকৃত পরিস্থিতি কী,তা খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জাসাস নেতা এস এম সাব্বির নেওয়াজ সাগর বলেন, বরিশাল শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা থেকে শুরু করে কিছু লোক জাসাসের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত রয়েছেন। তাঁর দাবি, শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া থেকে শুরু করে যেকোনো বিষয়ে জানতে চাইলেই সংশ্লিষ্টরা জাসাসের ওপর দোষ চাপিয়ে দেন। তাঁকে ও মীর আদনান আহমেদ তুহিনকে নিয়েও মিথ্যাচার করা হচ্ছে।
তবে সাগরের এই বক্তব্যের পরও অভিযোগগুলোর নির্দিষ্ট তথ্য, লিখিত অভিযোগের জবাব এবং প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। চক্রান্তের অভিযোগ থাকলে তার প্রমাণ কী? আর অভিযোগগুলো মিথ্যা হলে সেগুলোর তথ্যভিত্তিক জবাব কোথায়?শুধু পাল্টা অভিযোগ তুলে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। অভিযোগের জবাব হওয়া উচিত তথ্য, নথি ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে।
৪০ সংগঠনের তালিকা, কিন্তু বাস্তবে কতটি সক্রিয়?
বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশীয় সাংস্কৃতিক জোট, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও হেরারশ্মি শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি সংগঠনের রাজনৈতিক-সাংস্কৃতিক যোগাযোগ এবং যৌথ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০২৫ সালের বিজয় দিবসের একটি অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণের তথ্য সামনে এসেছে। ২০২৬ সালের জুলাইয়ে শিবিরের আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যাতেও হেরারশ্মি ও সংশ্লিষ্ট সংগঠনের অংশগ্রহণের সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে দেশীয় সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ৪০টির বেশি সংগঠনের নাম প্রকাশের বিষয়টি নিয়ে সাংস্কৃতিক কর্মীদের একাংশের প্রশ্ন রয়েছে।তাঁদের দাবি, শুধু কাগজে সংগঠনের নাম থাকলেই সাংগঠনিক অস্তিত্ব ও সাংস্কৃতিক অবদানের প্রমাণ হয় না। সংগঠনগুলোর প্রতিষ্ঠাকাল, কার্যালয়ের ঠিকানা, নেতৃত্ব, সদস্যসংখ্যা, নিয়মিত কার্যক্রম এবং সাংস্কৃতিক অবদানের তথ্য প্রকাশ করা প্রয়োজন।
প্রশ্ন উঠেছে, তালিকাভুক্ত সংগঠনগুলোর মধ্যে কতটি নিয়মিত সাংস্কৃতিক চর্চা করে? কতটি সংগঠনের নিজস্ব সদস্য ও কার্যক্রম রয়েছে? আর কতটি কেবল জোটের তালিকায় নামসর্বস্ব সংগঠন?এসব প্রশ্নের উত্তর দিতে হলে সংশ্লিষ্ট সংগঠনগুলোর স্বচ্ছ তথ্য প্রকাশ জরুরি।
অতীতের গুণী শিল্পীরা কোথায়?
বরিশালের সাংস্কৃতিক ঐতিহ্য একদিনে তৈরি হয়নি। সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও যাত্রাশিল্পে এই অঞ্চলের বহু গুণী মানুষ দীর্ঘদিন ধরে অবদান রেখেছেন।২০১৪ ও ২০১৫ সালের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সুকুমার সরকার, অঞ্জনা রায়, মীর মুজতবা আলী, হাবিবুল হক, বেলা খান, প্রাণকৃষ্ণ পাল, জ্যোতিপ্রকাশ রায়, মতিলাল বড়াল, রবীন্দ্রনাথ হালদার ও গণেশ চন্দ্র রায়ের মতো পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন।
তাহলে বর্তমান একাডেমির আয়োজন ও সিদ্ধান্ত গ্রহণে এসব গুণী শিল্পী এবং দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণ কতটুকু?
২০২৫ সালের জুলাইয়ে প্রকাশিত সংবাদেও প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং ১২ জন প্রশিক্ষকের চুক্তি নবায়ন ও প্রশিক্ষক পরিবর্তন নিয়ে উদ্বেগের বিষয় উঠে এসেছিল।
অতীতের সেই বিতর্কের পরও প্রশিক্ষক নির্বাচন, অভিজ্ঞদের মূল্যায়ন এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।জেলা প্রশাসকের আশ্বাস, এবার জবাবদিহি চান সাংস্কৃতিক কর্মীরা!
জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. মামুন খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তের আশ্বাস দিয়েছেন। তাঁর বক্তব্য, জাসাসের নেতারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে পারেন, তবে সরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করার সুযোগ নেই।সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক সাইফুল আহসান বুলবুল বলেন, অতীতে কী হয়েছে, সেটি ধরে রেখে বর্তমানেও যদি একই ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে সৃজনশীলতা মুখ থুবড়ে পড়বে এবং গুণী শিল্পীর সংকট তৈরি হবে। রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে শিল্পীর অবদানই মূল্যায়নের প্রধান মানদণ্ড হওয়া উচিত।
এখন কয়েকটি প্রশ্নের উত্তর জরুরি,
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিকে ঘিরে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তে কয়েকটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন,মিলনায়তন বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদের কোনো সুপারিশ বা অনুমোদনের প্রয়োজন হয় কি না?গত কয়েক মাসে কোন কোন সংগঠন মিলনায়তন ব্যবহার করেছে এবং কী প্রক্রিয়ায় বরাদ্দ পেয়েছে?অনুষ্ঠান, প্রশিক্ষক ও বিচারক নির্বাচনে কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে?সম্মানী, বিল-ভাউচার এবং সরকারি অর্থব্যয়ের হিসাব কতটা স্বচ্ছ?কানিজ জোহরাসহ নারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে?জাসাস নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁদের পাল্টা চক্রান্তের দাবির সত্যতা যাচাইয়ে কোনো নিরপেক্ষ তদন্ত হবে কি না?
বরিশাল জেলা শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়, কোনো সাংগঠনিক নেতার ব্যক্তিগত সম্পত্তিও নয়। আওয়ামী লীগের আমলে যদি রাজনৈতিক বলয়ের প্রভাব নিয়ে প্রশ্ন উঠে থাকে, তাহলে বিএনপির সময়েও একই ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ মেনে নেওয়ার সুযোগ নেই।
জাসাস সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে, সংগঠন পরিচালনা করবে, অনুষ্ঠান আয়োজন করবে,সেটি তাদের সাংগঠনিক অধিকার। কিন্তু সেই পরিচয়ের সুবাদে সরকারি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, বরাদ্দ কিংবা সুযোগ-সুবিধায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠলে তার জবাবদিহি থাকতেই হবে।
শিল্পকলার মঞ্চে শিল্পীর পরিচয় বড় হবে, রাজনৈতিক সুপারিশের পরিচয় নয়। আর অভিযোগের জবাব চক্রান্তের পাল্টা অভিযোগে নয়, দিতে হবে তথ্য-প্রমাণে।বরিশালের সাংস্কৃতিক অঙ্গন এখন জেলা প্রশাসনের আশ্বাস নয়, কার্যকর ও নিরপেক্ষ তদন্তের ফল দেখতে চায়।









