জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ!
- আপডেট সময় : ০২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

স্বাধীন সাংবাদিকতা চাই, জুলাই গণহত্যাকারীদের পক্ষে ন্যারেটিভ নয়!
স্টাফ রিপোর্টার!! গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠান ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান জেজেইউর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
কমিটিতে ফেস দ্য পিপল-এর সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হলেও সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জনগণের জানার অধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জেজেইউর নেতৃত্বে যারা!
জেজেইউর আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন,যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বাদল, প্রকাশক, দৈনিক জাতীয় অর্থনীতি- তালুকদার রুমি, সম্পাদক, দৈনিক পাঞ্জেরী- মাহমুদ রাকিব, এখন টিভি; আকতার হাবীব, চ্যানেল আই- শিমুল পারভেজ, দ্য নিউ নেশন; রিয়াজুর রহমান রিয়াজ, ডেইলি ইন্ডাস্ট্রি এবং ইসরাফিল ফরাজী, দৈনিক জনকণ্ঠ।যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আবদুর রহিম, দৈনিক জনকণ্ঠ- কেফায়েত শাকিল, বাংলাভিশন- নুরুল ইসলাম খান মামুন, ভিওডি বাংলা- ওবায়দুর রহমান, ফ্রিল্যান্স জার্নালিস্ট- একে এম রেজাউল করিম, ফ্রিল্যান্স জার্নালিস্ট-আশ্রাফ ফারুকী, অগ্রযাত্রা প্রতিদিন- নিজাম উদ্দিন দরবেশ, দৈনিক বর্তমান এবং রহমতুল্লাহ, দৈনিক রূপালী বাংলাদেশ।
সদস্য হিসেবে রয়েছেন খোমেনি এহসান, সম্পাদক, অনলাইন বাংলা- আল ইমরান, এটিএন বাংলা; অন্তু মোজাহিদ, এশিয়া পোস্ট- জালাল আহমেদ, দৈনিক যায়যায়দিন- রাকেশ রহমান, ফ্রিল্যান্স জার্নালিস্ট- সাজ্জাদ হোসেন, সোনালী নিউজ-ফখরুল ইসলাম, মাল্টিমিডিয়া হেড, দৈনিক ইত্তেফাক- আবু বকর সিদ্দিক, আরটিএনএন- মিফতাহুল জান্নাত, দৈনিক মানবজমিন- ফারজানা ববি, বাংলানিউজ; তাসবির ইকবাল, বাংলাদেশ টাইমস; মোর্শেদুল আলম, নতুন আশা-কেফায়েত রুমী, দেশ রূপান্তর- মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি-রাশেদ মানিক, চ্যানেল আই- ওমর ফারুক, বাংলাভিশন- এইচএম ইমরান হোসেন, স্টার নিউজ এবং মেহরাজ রাব্বি, আজাদ বাণী।
‘সময় ও বাস্তবতার প্রয়োজনে জেজেইউ’!
আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর বলেন, জুলাই জার্নালিস্ট ইউনিটি সময়ের প্রয়োজনেই তৈরি হয়েছে। সংগঠনটি জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য উন্মুক্ত থাকবে।তিনি বলেন, গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
‘স্বাধীন সাংবাদিকতা চাই, তবে গণহত্যাকারীদের পক্ষে ন্যারেটিভ নয়’
জেজেইউর সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদমাধ্যম সঠিক ভূমিকা রাখতে না পারলেও এখনো মানুষের কাছে গণমাধ্যমের প্রত্যাশা রয়েছে।তার ভাষ্য, সেই প্রত্যাশা পূরণে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছেন।তিনি বলেন, ‘আমরা স্বাধীন সাংবাদিকতা চাই। তবে জুলাই গণহত্যাকারীদের পক্ষে যেন কেউ ন্যারেটিভ তৈরি করতে না পারে, সে বিষয়েও আমরা কাজ করব।
আত্মসমালোচনার আহ্বান!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অন্যদের সমালোচনা করার আগে সাংবাদিকদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে। তারা যেন পূর্ববর্তীদের মতো হয়ে না যান, সেদিকে সতর্ক থাকতে হবে।তিনি বলেন, কাউকে আহত করে এমন বক্তব্যের পরিবর্তে সৃষ্টিশীল কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বাস্তবতা তুলে ধরতে হবে।ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণঅভ্যুত্থান সম্ভব ছিল না। ক্ষুদ্র অংশ হলেও সাংবাদিকদের সমর্থন ছিল। দলান্ধতার পরিবর্তে দেশের স্বার্থে সাংবাদিকদের কাজ করে যেতে হবে।
সরকার পরিবর্তন হলে সাংবাদিকদের পালিয়ে যেতে হবে না!
আলোকচিত্রী শহীদুল আলম বলেন, প্রেসক্লাবে শেখ হাসিনার ছবি সাংবাদিকরাই ঝুলিয়েছিলেন। ভবিষ্যতে যেন একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।তার মতে, দেশের মানুষের জন্য নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে হবে, যাতে সরকার পরিবর্তন হলে সাংবাদিকদের পালিয়ে যেতে না হয়।
জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে জেজেইউ!
জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমি বলেন, ফ্যাসিবাদের সময়েও বহু সাংবাদিক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। কিন্তু তারা তখন যেমন বঞ্চিত ছিলেন, এখনও বঞ্চিত রয়েছেন।তিনি বলেন, জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য হিস্যা আদায়ে জেজেইউ কাজ করে যাবে।
‘হামলা-মামলার ভয় যেন কলম থামাতে না পারে’!
জেজেইউর সদস্য ও অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান স্বাগত বক্তব্যে বলেন, সংগঠনটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করা।তার বক্তব্য অনুযায়ী, হামলা, মামলা কিংবা চাকরিচ্যুতির হুমকি যেন কোনো সাংবাদিকের কলম থামিয়ে দিতে না পারে,এটাই জেজেইউর অন্যতম অঙ্গীকার।তিনি বলেন, তাদের অবস্থান সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জনগণের জানার অধিকারের পক্ষে।
শহীদ পরিবারের প্রত্যাশা-অন্যায়ের শিকার যেন কেউ না হন!
অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান বক্তব্য দেন।তারা বলেন, দেরিতে হলেও এমন একটি সংগঠনের আত্মপ্রকাশ ইতিবাচক উদ্যোগ। তবে সংগঠনটির কার্যক্রমে ন্যায়বিচার ও মানবিকতার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
তাদের প্রত্যাশা, রাজনৈতিক বা মতাদর্শিক ভিন্নতা থাকলেও কেউ যেন অন্যায়ের শিকার না হন। চরম শত্রুও যেন অন্যায়ের শিকার না হন এ বিষয়টি সাংবাদিকদের খেয়াল রাখার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক নেতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।জেজেইউর নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত অধিকার এবং জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে।






















