১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ
- আপডেট সময় : ০৩:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও-১সহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কয়েকটি নতুন উপজেলা সংশ্লিষ্ট আসনে যুক্ত করা হয়েছে।
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুনর্নির্ধারিত আসনের তালিকায় রয়েছে ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এসব পরিবর্তনের বিস্তারিত প্রকাশ করা হয়।
গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের সঙ্গে সদর উপজেলার পাশাপাশি নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত হয়েছে। একইভাবে বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মোকামতলা উপজেলা।
অন্যদিকে, ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা। কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।
চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা যুক্ত করা হয়েছে।
এ ছাড়া প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানায়ও পরিবর্তন আনা হয়েছে। তবে নির্বাচন কমিশনের গেজেটে উল্লেখ করা হয়েছে, নতুন প্রশাসনিক ইউনিট যুক্ত হলেও অধিকাংশ আসনের ভৌগোলিক পরিসরে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটেনি।





















