মাহফুজ আলমের সমালোচনা
সরকার বড় ব্যবসায়ীদের তুষ্ট করছে
- আপডেট সময় : ১২:১৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সরকারের বর্তমান অর্থনৈতিক নীতিতে বড় ব্যবসায়ী ও আমলাতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর দাবি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, বেসরকারি চাকরিজীবী এবং শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর কোনো অর্থনৈতিক রূপরেখা দেখা যাচ্ছে না।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, সাধারণ মানুষের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, নিত্যপণ্যের উচ্চ মূল্য এবং নিরাপত্তা–সংক্রান্ত সমস্যার সমাধানে সরকারকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এর পরিবর্তে প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার প্রবণতা দেশের অর্থনীতিতে বৈষম্য আরও বাড়াতে পারে বলে তিনি মন্তব্য করেন।
চা শ্রমিকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে মাহফুজ আলম বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি গুরুত্ব না দিয়ে প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থ রক্ষার নীতি গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল দায়িত্ব সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য অর্থনৈতিক ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংস্কারের পাশাপাশি বৈষম্য কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি একই পোস্টে মাহফুজ আলম ‘অল্টারনেটিভস’-এর ৯ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।















