বরিশাল বিভাগে শনাক্ত ৬৬
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ১৯৬
- আপডেট সময় : ০৬:৫১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে। যদিও এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৯ জন।
মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৯৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। সেখানে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। এছাড়া ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ৫২ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে রংপুর বিভাগে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৩০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (মহানগরসহ) সর্বোচ্চ ২ হাজার ৫৭০ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ১ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহী বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২৪ জন, সিলেট বিভাগে ৬৮ জন এবং রংপুর বিভাগে ৩২ জন আক্রান্ত হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬১১ জন ডেঙ্গু রোগী, যার মধ্যে ঢাকা মহানগরেই রয়েছেন ১৪১ জন।
























