টেকসই উন্নয়নে অনন্য অবদান-এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ ৫৯টি উদ্যোগকে সম্মাননা!
- আপডেট সময় : ০৪:৪১:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৪র্থ আসরে দেশের ৫৯টি টেকসই উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয়েছে। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে ৩৪টি উদ্যোগ বিজয়ী এবং ২৫টি উদ্যোগ অনারেবল মেনশন অর্জন করে।
বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে আয়োজিত এ সম্মাননার লক্ষ্য হলো, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অসামান্য অবদান রাখা দেশের বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও ব্র্যান্ডগুলোকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া। আয়োজনটি করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ।এবারের আয়োজনে দেশের বিভিন্ন খাত থেকে ৪৭২টি মনোনয়ন জমা পড়ে। কঠোর ও বহু-স্তরের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রাথমিক বাছাই শেষে ৭টি গ্র্যান্ড জুরি সেশনে বিভিন্ন খাতের ২৭ জন বিশিষ্ট বিশেষজ্ঞ স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমে সেরা উদ্যোগগুলো নির্বাচন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ব্র্যান্ডগুলোর শুধু প্রতিশ্রুতি নয়, উদ্দেশ্য নিয়ে নেতৃত্ব দেওয়ার প্রয়োজন। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস এমন উদ্যোগকে সম্মান জানায়, যারা বাস্তব ও পরিমাপযোগ্য পরিবর্তনের মাধ্যমে দায়িত্বশীল ব্যবসার নতুন মানদণ্ড তৈরি করছে।এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় সাসটেইনাবিলিটি সামিট ২০২৬-এর ৪র্থ সংস্করণ। দিনব্যাপী এ সম্মেলনে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন।
সামিটে অনুষ্ঠিত হয় ৩টি কি-নোট সেশন, ২টি প্যানেল আলোচনা, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি, একটি এক্সপার্ট ডিপ ডাইভ এবং একটি পলিসি ডায়ালগ। আলোচনায় উঠে আসে,দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাব, ব্যবসায়িক কৌশলে টেকসইতা, ইএসজি (ESG) রিপোর্টিং, সবুজ অর্থনীতি, বিদেশি বিনিয়োগ, দায়িত্বশীল সাপ্লাই চেইন এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বৈশ্বিক অগ্রযাত্রার নানা দিক।
কি-নোট সেশনে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের প্রফেসর ইমেরিটাস ফিলিপ কটলার, কানাডার রেসইন্ট সাসটেইনেবিলিটি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খালিদ হাসান এবং হিন্দুস্তান ইউনিলিভার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ড. শ্রামন ঝা।অনুষ্ঠানটি আকিজ বশির গ্রুপের পরিবেশনায়, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সঞ্চালনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ ও বিজিএমইএ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে আইএএ বাংলাদেশ, এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ) ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ (এমএসবি), পিআর পার্টনার হিসেবে ব্যাকপেজ পিআর, অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার হিসেবে টার্কিশ এয়ারলাইনস এবং হসপিটালিটি পার্টনার হিসেবে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকা যুক্ত ছিল।
টেকসই উন্নয়নকে কেন্দ্র করে উদ্ভাবনী উদ্যোগ, দায়িত্বশীল ব্যবসা ও বাস্তব পরিবর্তনের স্বীকৃতি হিসেবে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬ দেশের করপোরেট ও উন্নয়ন খাতে নতুন অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।
























