ঘুষ নেওয়ার দায়ে
চীনে সাবেক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

প্রায় ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার (২ দশমিক ২ বিলিয়ন ইউয়ান) ঘুষ গ্রহণের দায়ে চীনের এক সাবেক সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (৬ জুন) পূর্বাঞ্চলীয় চাংঝৌ শহরের আদালত এ রায় ঘোষণা করে। খবর বিবিসির।
দণ্ডপ্রাপ্ত ইয়াং ইউলিন (৬৯) ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রায় তিন দশক ধরে তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশল প্রকল্প, জমি হস্তান্তর এবং অর্থায়নের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী ঘুষ হিসেবে গ্রহণ করেন।
তদন্তে আরও প্রমাণিত হয়েছে, ঘুষ গ্রহণের পাশাপাশি সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচারের অভিযোগেও ইয়াং দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের ভাষ্য, তার অপরাধ অত্যন্ত গুরুতর এবং এতে রাষ্ট্র ও জনস্বার্থের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াং ইউলিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী, ব্যাংকিং খাত এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে বেইজিং।
চীনে আর্থিক অপরাধে মৃত্যুদণ্ডের ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে এক বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ জড়িত গুরুতর দুর্নীতির মামলায় এ ধরনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়ে থাকে। এর আগে ২০২১ সালে সাবেক আর্থিক কর্মকর্তা লাই শিয়াওমিন এবং ২০২৪ সালে ইনার মঙ্গোলিয়ার সাবেক কর্মকর্তা লি জিয়ানপিং বড় অঙ্কের ঘুষ ও আত্মসাতের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইয়াং ইউলিন আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শেষ বক্তব্যে অনুশোচনাও প্রকাশ করেছেন। তবে তদন্তে সহযোগিতা করলেও তার অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তি কমানোর কোনো সুযোগ দেখেননি আদালত।

























