আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা!
- আপডেট সময় : ০২:৫১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২-এর বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে আবহাওয়া নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচের আগে ও পরে মায়ামি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আয়োজকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ বজ্রপাত।
কারণ নিরাপত্তা বিধি অনুযায়ী স্টেডিয়ামের আশপাশে বজ্রপাত শনাক্ত হলে খেলা তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে হবে।
বিশ্বকাপের শেষ ৩২-এর এই ম্যাচটি স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। সকাল থেকেই মিয়ামির আকাশে কালো মেঘের আনাগোনা দেখা গেছে। যদিও মাঝেমধ্যে সূর্যের দেখা মিলেছে, তবুও বিকেলের দিকে বিচ্ছিন্ন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বজ্রপাত হলেই খেলা স্থগিত
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হবে। এরপর খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে এবং দর্শকদেরও নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে।
এ ক্ষেত্রে ম্যাচ অন্তত ৩০ মিনিটের জন্য স্থগিত থাকবে। তবে ওই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে নতুন করে আরও ৩০ মিনিট গণনা শুরু হবে।
ফলে খেলা কতক্ষণ বন্ধ থাকবে, তা পুরোপুরি আবহাওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে।
পুনরায় শুরু আগে ওয়ার্ম-আপ
যদি বজ্রপাতের কারণে ম্যাচ বন্ধ হয়, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের সংক্ষিপ্ত ওয়ার্ম-আপের সুযোগ দেওয়া হবে। সাধারণত খেলা পুনরায় শুরুর আগে প্রায় পাঁচ মিনিট ওয়ার্ম-আপের সময় দেওয়া হয়।
আবহাওয়ার দিকে নজর দুই শিবিরের
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এর এই ম্যাচে মুখোমুখি হবে চমক জাগানো কেপ ভার্দের। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা আফ্রিকান দলটি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে।
ম্যাচ শুরুর আগ পর্যন্ত মায়ামির আবহাওয়ার ওপর কড়া নজর রাখবেন আয়োজক, দুই দলের কোচিং স্টাফ এবং ম্যাচ কর্মকর্তারা। বজ্রপাত না হলে ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচে অনাকাঙ্ক্ষিত বিরতি দেখা দিতে পারে।



















