বিধবার নাবালিকা মেয়েকে ‘আটকে রাখার’ অভিযোগ, ফ্ল্যাটে তালা ভেঙে টাকা-স্বর্ণ লুটের দাবি!
- আপডেট সময় : ০৯:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি।। বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বগুড়া রোডের ‘নাবিলা ম্যানসন’-এ এক বিধবা নারী ও তার দুই নাবালিকা সন্তানকে সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে। নাবালিকা মেয়েকে জোরপূর্বক নিয়ে গিয়ে আটকে রাখা, ফ্ল্যাটে তালা ভেঙে প্রবেশ, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া এবং হামলা-হুমকির অভিযোগে পরিবারের মধ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
ভুক্তভোগী মোছা. ইসরাত জাহান নিপা জানান, তার স্বামী মৃত মিজানুর রহমান নবীন ২৮ জানুয়ারি ২০২৪ সালে মারা যান। তিনি স্ত্রী ও দুই নাবালিকা কন্যা সন্তান রেখে যান।অভিযোগ অনুযায়ী, নিপার শ্বশুর মৃত মুজিবুর রহমান ও শাশুড়ি মৃত হেলেনা মুজিব ২০১৬ সালের ২৫ জানুয়ারি সাব-রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ৬ শতাংশ জমির ওপর নির্মিত ‘নাবিলা ম্যানসন’-এর সম্পত্তি তাদের তিন সন্তান ও এক ভাইয়ের মধ্যে বণ্টন করে দেন। সেই বণ্টন অনুযায়ী নিপার স্বামী মিজানুর রহমান নবীন ১.৭৫ শতাংশ সম্পত্তির মালিক হন। ভুক্তভোগীর অভিযোগ, মৃত মিজানুর রহমান নবীনের ছোট ভাই মো. মাহফুজুর রহমান নয়ন দীর্ঘদিন ধরে ওই ১.৭৫ শতাংশ সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন।
১৩ জুলাই রাতে নাবালিকা মেয়েকে নিয়ে যাওয়ার অভিযোগ!
নিপার দাবি, গত ১৩ জুলাই রাত ৮টার দিকে মাহফুজুর রহমান নয়ন তার বাসায় এসে বিভিন্নভাবে প্রভাবিত করে তার ১৬ বছর বয়সী মেয়ে নিরফানা রহমান জবাকে নিজের হেফাজতে নিয়ে যান। আদালতের কোনো আদেশ ছাড়াই মেয়েটিকে এখনো তার কাছে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মা।
এর প্রায় আড়াই ঘণ্টা পর রাত ১০টা ৫২ মিনিটের দিকে নয়ন পুনরায় ওই বাসায় প্রবেশ করেন বলে অভিযোগ। এ সময় ফ্ল্যাটের তালা ভেঙে সিসি ক্যামেরা খুলে ফেলা এবং আলমারির তালা কেটে নগদ ৩ লাখ ২৭ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ইসরাত জাহান নিপা।ভুক্তভোগীর দাবি, কথিত ঘটনার সিসিটিভি ফুটেজের স্থিরচিত্রও তার কাছে সংরক্ষিত রয়েছে।
আগেও ফ্ল্যাট দখলের অভিযোগ!
ইসরাত জাহান নিপার আরও অভিযোগ, এর আগেও তার স্বামীর অংশের একটি ফ্ল্যাট দখল করে সেখানে অবৈধভাবে ভাড়াটিয়া বসিয়ে ভাড়া আদায় করছেন মাহফুজুর রহমান নয়ন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান।
আজও হামলা-লাঞ্ছিতের অভিযোগ!
ভুক্তভোগীর দাবি, ১৬ আগস্ট রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে তিনি নিজ বাসায় গিয়ে দেখতে পান, ফ্ল্যাটের তালা ভেঙে সেখানে মাহফুজুর রহমান নয়ন অবস্থান করছেন। এ সময় তার উপস্থিতিতে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং সঙ্গে থাকা তার মা ও দেড় বছরের শিশুসন্তানের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।ঘটনার পর পরিবারটির মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে জানান ভুক্তভোগী।
মেয়েকে উদ্ধার ও নিরাপত্তা চাই’কান্নাজড়িত কণ্ঠে ইসরাত জাহান নিপা বলেন,আমি একজন অসহায় বিধবা। আমার দুই নাবালক সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি। আমার দেবর আমার বড় মেয়েকে আটকে রেখে সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছে। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে উদ্ধার এবং আমাদের জানমালের নিরাপত্তা চাই।অভিযোগের বিষয়ে জানতে মাহফুজুর রহমান নয়নের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আইনজীবীদের মতে, নাবালিকা শিশুকে তার আইনগত অভিভাবকের সম্মতি বা যথাযথ আইনগত প্রক্রিয়া ছাড়া নিজের হেফাজতে রাখা হলে বিষয়টি আইনগতভাবে গুরুতর হতে পারে। তবে অভিযোগের সত্যতা, সম্পত্তির মালিকানা এবং নাবালিকাকে হেফাজতে রাখার বৈধতা,সবকিছুই যথাযথ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তদন্তের পরই প্রকৃত ঘটনা ও দায়-দায়িত্ব স্পষ্ট হবে।


















