অভয়নগরে পুলিশের হাতকড়া নিয়ে চম্পট মাদকসেবী,ওসির দাবি-কিছু জানি না!
- আপডেট সময় : ০১:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। যশোরের অভয়নগরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের হাতকড়াসহ এক মাদকসেবী পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বেঙ্গল রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এই গুরুতর অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তের নির্দেশ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টার দিকে অভয়নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেঙ্গল রেলগেট এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কালীর চায়ের দোকানের পাশে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ। অভিযোগ উঠেছে, ওই যুবকের হাতে হাতকড়া পরানোর পর সে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পুলিশ সদস্যরা পালিয়ে যাওয়া যুবককে খুঁজতে শুরু করেন।
তবে এ বিষয়ে এএসআই মোস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা পালিয়ে যায়। হাতকড়া নিয়ে পালানোর কোনো ঘটনা ঘটেনি।
অন্যদিকে, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান এ বিষয়ে বিস্ময়করভাবে উদাসীনতা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি অসুস্থ। হাতকড়া নিয়ে পালানোর বিষয়ে কিছু জানি না।
এই অভিযোগ প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন,বিষয়টি আমি শুনেছি। থানা পুলিশের সঙ্গে কথা বলে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ মাদকসেবীর পালিয়ে যাওয়ার অভিযোগ এবং দায়িত্বশীল কর্মকর্তার অস্বীকার ও ওসির অসাবধানতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।













