গাজীপুর সিটি কর্পোরেশন নিয়ে অপপ্রচারের ঝড়!কাজ করছেন প্রশাসক শওকত, তবু কেন এই বিষোদগার?
- আপডেট সময় : ১১:১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুর সাম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে একধরনের তীব্র ভাষার সমালোচনামূলক লেখা ছড়িয়ে পড়েছে। সেখানে প্রশাসক শওকত হোসেন সরকারকে লক্ষ্য করে নানা অভিযোগ তুলে পুরো সিটি কর্পোরেশনকেই লুটপাটের রাজত্ব বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে নগরবাসীর একটি বড় অংশ এবং সংশ্লিষ্টদের দাবি,এসব বক্তব্যের অনেকটাই অতিরঞ্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
অপপ্রচারের ঝড়, কিন্তু মাঠে কাজ চলছে
সাম্প্রতিক কিছু লেখায় এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন গাজীপুর সিটি কর্পোরেশন পুরোপুরি অরাজকতায় ডুবে গেছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বলেই দাবি স্থানীয়দের। প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শওকত হোসেন সরকার বিভিন্ন দপ্তরের কার্যক্রমে গতি আনার চেষ্টা করছেন বলে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন।জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ নাগরিক সেবাগুলো দ্রুত করার জন্য প্রশাসনিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিনের জটও কমতে শুরু করেছে বলে সেবা নিতে আসা কয়েকজন নাগরিক জানান।
রাজনৈতিক তকমা লাগিয়ে সমালোচনা?
সমালোচনামূলক লেখাগুলোর একটি বড় অংশে মূল অভিযোগ হচ্ছে,একজন রাজনৈতিক নেতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে কার্যকারিতা ও সেবা নিশ্চিত করা। রাজনৈতিক পরিচয় থাকলেই কেউ কাজ করতে পারবেন না,এমন ধারণাও বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না।বরং অনেকের মতে, গাজীপুরের দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে সক্রিয় নেতৃত্ব প্রয়োজন ছিল। সেই জায়গা থেকেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনার চেষ্টা চলছে।
অনিয়ম রোধে নজরদারি…
কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় অনিয়ম বা চাঁদাবাজির অভিযোগের বিষয়েও প্রশাসনকে অবহিত করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।তবে কিছু বিচ্ছিন্ন ঘটনার দায় পুরো প্রশাসনের ওপর চাপিয়ে দেওয়াও কতটা যৌক্তিক,তা নিয়েও প্রশ্ন উঠেছে।
উন্নয়ন কার্যক্রমে নতুন পরিকল্পনা…
সিটি কর্পোরেশনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার ও নাগরিক সুবিধা বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসীর দীর্ঘদিনের কিছু সমস্যা কমবে।
গাজীপুর সিটি কর্পোরেশনকে ঘিরে সমালোচনা, বিতর্ক এবং রাজনৈতিক বক্তব্য,সবই এখন আলোচনার কেন্দ্রে। তবে প্রশ্ন উঠছে, বাস্তব উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক উদ্যোগকে উপেক্ষা করে শুধুই উত্তেজনাপূর্ণ ভাষায় পরিস্থিতিকে তুলে ধরা কি সমাধান এনে দেবে?গাজীপুরবাসীর প্রত্যাশা একটাই,অপপ্রচার নয়, কার্যকর সেবা ও উন্নয়ন। আর সেই লক্ষ্যেই প্রশাসনকে কাজ চালিয়ে যেতে হবে।









