গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপকের দায়ের করা মামলা সিআইডিতে -তদন্ত শুরু!
- আপডেট সময় : ০৯:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। গাজীপুর গাজীপুরে জাল জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত একটি মামলার অধিকতর তদন্তের স্বার্থে মামলার বাদীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, বিবাদীদের বিরুদ্ধে আনীত জালিয়াতির অভিযোগ তদন্তে সিআইডি এখন বেশ তৎপর।
গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো কার্যালয়ের পুলিশ পরিদর্শক ফরিদা পারভীন লিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তলব করা হয়।
মামলার প্রেক্ষাপট ও তদন্ত,মামলার নথিপত্র অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৫ এ দায়ের করা একটি সিআর মামলায় (নং-৫৮৮/২০২৫) বিবাদীদের বিরুদ্ধে জালিয়াতিসহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ আনেন মো: ফেরদাউছ সিকদার। তিনি পানিশাইল গণস্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি বর্তমানে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো শাখায় তদন্তাধীন রয়েছে।
মামলাটিতে দণ্ডবিধির (পেনাল কোড) ১৪৩, ৪২০, ৪২৭, ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৬৯, ৪৭১, ৪৭৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ করা হয়েছে।
এসব ধারায় সাধারণত জালিয়াতি, প্রতারণা, মূল্যবান দলিল জাল করা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধগুলো অন্তর্ভুক্ত থাকে।
তদন্ত কর্মকর্তার নির্দেশনা,সিআইডি জানিয়েছে, মামলার ঘটনা সংক্রান্ত বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের নিমিত্তে বাদী মো: ফেরদাউছ সিকদারকে আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো অফিসে (গাজীপুর সদর হাসপাতালের পার্শ্বে) উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। চিঠিতে বিষয়টিকে “অতীব জরুরী” হিসেবে উল্লেখ করা হয়েছে।
সিআইডির এই তদন্তের মধ্য দিয়ে মামলার প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।














