বরিশাল-৫ এ বিএনপির দাপট অটুট, জামায়াত-ইসলামী আন্দোলনের সমঝোতায় ভরসা খুঁজছে ইসলামী ভোট!
- আপডেট সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল-৫ (সদর) আসনে নির্বাচনী মাঠে এখনো দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক সমঝোতা যতই আলোচনায় থাকুক, বাস্তব ভোটের অঙ্কে এখনো এগিয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থীই,এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করে ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিলেও, এতে করে ইসলামী ভোট এককাট্টা হবে,এমন নিশ্চয়তা নেই বলে মত স্থানীয় রাজনৈতিক মহলের। বরং দীর্ঘদিনের মাঠ সংগঠন, পরিচিত নেতৃত্ব ও পরীক্ষিত ভোটব্যাংকের কারণে বিএনপি এখনো এই আসনের মূল নিয়ামক শক্তি।
বিশ্লেষকদের মতে, ইসলামী ঘরানার দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি, নেতৃত্ব সংকট এবং ভোটারদের বাস্তবমুখী চিন্তা এই সমঝোতাকে প্রত্যাশিত উচ্চতায় নিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। ঘোষণার বাইরে বাস্তব ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে,তা নিয়ে সংশয় রয়েছেই।
অন্যদিকে বিএনপির প্রার্থী বরিশাল সদরে ধারাবাহিক গণসংযোগ, তৃণমূল নেতাকর্মীদের সক্রিয়তা এবং সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভকে পুঁজি করে শক্ত অবস্থান তৈরি করেছেন। তরুণ ভোটারদের বড় একটি অংশও বিএনপির দিকেই ঝুঁকছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ইসলামী আন্দোলনের নেতারা এই সমঝোতাকে ‘টার্নিং পয়েন্ট’ বললেও, সাধারণ ভোটারদের মধ্যে এখনো প্রশ্ন,এই জোট কি সত্যিই বিকল্প শক্তি, নাকি কেবল নির্বাচনী কৌশল?
সব মিলিয়ে বরিশাল-৫ আসনে আলোচনা যতই জোট রাজনীতিকে ঘিরে আবর্তিত হোক না কেন,মাঠের বাস্তবতায় বিএনপিই এখনো শীর্ষে। ইসলামী আন্দোলন–জামায়াত জোটের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো,এই দাপুটে বিএনপি ভোটব্যাংক ভাঙা, যা সহজ কাজ নয়।এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই সমঝোতা কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে, নাকি বাস্তব ভোটের হিসাবে কোনো চমক দেখাতে পারে।









