পাবনায় গুলিতে নিহত তমা হত্যা মামলার প্রধান আসামি
- আপডেট সময় : ০৯:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়ায় আলোচিত তমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ইউপি সদস্য আদম আলীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনার আটঘরিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদম আলী (৬০) একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে বাজার শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী।
পথে চণ্ডিপাশা গ্রামের একটি এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহত ব্যক্তি নিষিদ্ধ একটি চরমপন্থী সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন বলে প্রাথমিক তথ্য রয়েছে।
প্রাথমিকভাবে অভ্যন্তরীণ বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, আদম আলীর বিরুদ্ধে একাধিক মামলা ছিল।
এর মধ্যে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর তমা খাতুনকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তিনি প্রধান আসামি ছিলেন।
এ হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।




















