ফেনীতে কৃষকদল নেতা আমিনুল হক ব/হি/ষ্কার
- আপডেট সময় : ১২:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল হককে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আমিনুল হকের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃত আমিনুল হকের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
ফেনী সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক, সদস্যসচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি।
এদিকে, একই দিনে ধলিয়া ইউনিয়নে এক যুবদল কর্মীকে অপহরণ, মারধর, টাকা ছিনিয়ে নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে আমিনুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের খবরও প্রকাশিত হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি আমিনুল হকের নেতৃত্বে ঘটেছে। তবে আমিনুল হক অভিযোগ অস্বীকার করে এটিকে দীর্ঘদিনের আর্থিক বিরোধ মীমাংসার প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছেন।


















