সরকারি নির্দেশনার পরও কি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের অপচেষ্টা? অভিযোগের তীর তিন শিক্ষকের দিকে!

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণির ভর্তি কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত ২৬ নভেম্বরের সরকারি নির্দেশনায় দীর্ঘদিন বন্ধ থাকা ভর্তি কার্যক্রম চালুর পথ তৈরি হয়েছে।

কিন্তু সরকারি নির্দেশনা কার্যকর হওয়ার আগেই প্রতিষ্ঠানটিকে ঘিরে নতুন করে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে অভিভাবকদের অভিযোগ,আগামী ২৯ নভেম্বরের বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কলেজ শাখার কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের উসকানি দিচ্ছেন।

অভিযোগের তীর প্রতিষ্ঠানটির সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন, অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহ, এবং আরও এক শিক্ষকের বিরুদ্ধে। তবে তৃতীয় শিক্ষকের নাম ও তাঁর ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

অভিভাবকদের দাবি, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিষ্ঠানের অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অভিযোগ সত্য হলে এটি শুধু প্রশাসনিক বিরোধ নয়,এটি সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলার শামিল।

 

মাউশির নির্দেশনা কার্যকর হতে বাধা দেওয়ার চেষ্টা কেন?তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার পেছনে কার স্বার্থ?বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সামনে রেখে কোনো চাপ সৃষ্টির পরিকল্পনা চলছে কি?সরকারি প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বাধা দেওয়ার অধিকার কারও আছে কি?

অভিভাবকদের আগের স্মারকলিপিতেও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তাঁদের অভিযোগ, সরকারি সেবা কার্যক্রম বন্ধ এবং অভিভাবকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

অভিযোগ গুরুতর-তাই তদন্তও হতে হবে নিরপেক্ষ ও দৃশ্যমান।

এদিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহা স্পষ্ট জানিয়েছেন, মাউশির নির্দেশনা মানতে প্রতিষ্ঠান বাধ্য। রোববার কেউ পরীক্ষায় বাধা দিলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসনকে জানানো হবে।

তাহলে যারা পরীক্ষার পরিবেশ নষ্ট করার পরিকল্পনা করছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের উদ্দেশে প্রশ্ন,শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এই টানাটানি কেন?

সরকারি নির্দেশনা কোনো ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয়।বার্ষিক পরীক্ষা কোনো শিক্ষকগোষ্ঠীর চাপ তৈরির হাতিয়ার হতে পারে না।শিক্ষার্থীদের জিম্মি করে কোনো দাবি আদায়ের চেষ্টা হলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আমরা চাই, ২৯ নভেম্বরের বার্ষিক পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হোক। অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে তৃতীয় শ্রেণিতে ভর্তি কার্যক্রম পুনরায় চালুর সরকারি নির্দেশনা দ্রুত বাস্তবায়ন করা হোক।

শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য,কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার মঞ্চ নয়!