নিজস্ব প্রতিবেদক।। বৈশাখী টিভিতে সন্ত্রাসী হামলা–ভাঙচুর করা ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া গেছে। বিডিনিউজ২৪ডটকম এবং দৈনিক আগামীর সময় পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নামধারী মেহেদী হাসান মিশুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বৈশাখী টেলিভিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বৈশাখী টেলিভিশনের এক কর্মী বলেন, ‘আজ প্রতিষ্ঠানটির ডিজিটাল হেড নাহিয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে। এরপর তিনি স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এসে মব করেন। চ্যানেলটির ডিএমডিকে হেনস্তার চেষ্টা করেন। তাকে সহায়তা করেন সংগঠনটির বনানী থানার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।
বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মব তৈরির অভিযোগ সঠিক কি না, জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘মব করলেও আমরা বলেছি এখানে এসবের কোনো সুযোগ নাই। মামলার আসামি গ্রেপ্তার হবে, আপনারা চলে যান। ওরা চলে যাচ্ছে।
পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে হেফাজতে নেয় বলে জানান বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন। তিনি বলেন, তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
শনিবার দুপুর ২টার দিকে বৈশাখী টেলিভিশনের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা বলেছেন বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।
বৈশাখী টেলিভিশনের একাধিক কর্মী জানান, সেখানকার অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধান হোসাইন মোহাম্মদ নাহিয়ানকে চাকরিচ্যুত করা নিয়ে এই ঘটনার সূত্রপাত। স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান মিশুও বলেছেন, নাহিয়ানকে রিজাইন দিতে বলেছেন টিপু, তার গায়ে হাতও তুলছে। বিষয়টি শুনতে পেয়েই তারা সেখানে যান। পরে মিশুর নেতৃত্বে একদল নেতাকর্মী কার্যালয়ের ভেতরে প্রবেশ করে বৈশাখী টেলিভিশনে মব করেন।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের গোপালগঞ্জসহ সারাদেশে নাশকতায় অর্থায়ন এবং আইসিবির ৩৫০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎসহ নানা অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গিয়ে তার অফিসে হত্যাচেষ্টার শিকার হন ৩ জন সাংবাদিক। সেখানেও ভাড়ায় খাটা মেহেদী হাসান মিশুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই সাংবাদিকদেরকে শামীমের অফিসে আটকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধর করেন। ৩ সাংবাদিককে হত্যাচেষ্টার বিষয়ে বিএনপির হাইকমান্ডসহ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীম এবং তার হয়ে ভাড়ায় খাটা মেহেদী হাসান মিশু নজরদারিতে রয়েছেন। এরমধ্যেই বৈশাখী টিভিতে মিশুর নেতৃত্বে হামলার ঘটনা ঘটল।