নিজস্ব প্রতিবেদক।। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দ্বারা হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। সংগঠনটি এ ধরনের আচরণকে অনভিপ্রেত ও নিন্দনীয় উল্লেখ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
জুলাই জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সাইফুর সাগর ও সদস্য সচিব আহসান কামরুল এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আইন অনুযায়ী রায় কার্যকর করার দাবি জানান তাঁরা।
একই সঙ্গে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অন্যান্য রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে উত্থাপিত গণহত্যা ও সন্ত্রাসের অভিযোগেরও আইনসম্মত বিচারপ্রক্রিয়া শুরুর দাবি জানায় জেজেইউ।সংগঠনটির নেতৃবৃন্দের বক্তব্য, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব,কোনোটিই অপরাধের দায় থেকে কাউকে মুক্তি দিতে পারে না। তবে বিচার হতে হবে নিরপেক্ষ তদন্ত, গ্রহণযোগ্য প্রমাণ এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে।
জেজেইউ মনে করে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশের ভেতরে কিংবা বিদেশে,যেখানেই আইনবিরোধী কর্মকাণ্ড ঘটুক, তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রতিকার নিশ্চিত করা জরুরি।