সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝটিকা মিছিলের প্রস্তুতি ও রাষ্ট্রবিরোধী স্লোগানের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ ওরফে সুফিয়ান হোসেন, এহসান হোসেন, আব্দুল্লাহ আল রাহি, শাহ তাহমিদ আহমদ, মো. সোহেল আহমদ এবং রবিউল ইসলাম হৃদয়।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় চারজনকে আটক করা হয়।

পরে পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে সিসিটিভি ফুটেজ ও ভিডিওসহ বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই করে তাদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনসহ পৃথক দুটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের একাধিক মামলাও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।