জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা করল বিআরটিএ
- আপডেট সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রেনিং সেন্টারে এ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০২, ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এবং সিআইপিআরবির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালকদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন করা।
স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমে পেশাদার চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজকদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন চালকের দৃষ্টিশক্তি, শারীরিক সক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্য সরাসরি যানবাহন চালনার দক্ষতা ও সড়কে নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা দৃষ্টিশক্তির সমস্যার মতো শারীরিক জটিলতা অনেক ক্ষেত্রে গাড়ি চালানোর সময় ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে পেশাদার চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করা জরুরি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু ট্রাফিক আইন প্রয়োগ নয়, চালকদের স্বাস্থ্যগত সক্ষমতা নিশ্চিত করা এবং তাঁদের মধ্যে দায়িত্বশীলতা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সম্ভাব্য শারীরিক সমস্যাগুলো শনাক্ত করা গেলে চালকদের নিরাপদে যানবাহন পরিচালনায় সহায়তা করা সম্ভব।
এদিকে, জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬-এর প্রতিপাদ্য নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”সামনে রেখে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে চালকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ যানবাহন চালনায় সচেতনতা তৈরির এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে চালক, যাত্রী, পথচারী, পরিবহন মালিক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর আগে শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
সুস্থ চালক, নিরাপদ সড়ক’ এই স্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।









