চাঁদা না দিলে জমি দখল? ঝিনাইদহে ব্যবসায়ী আনোয়ারুজ্জামান আজাদকে হুমকির অভিযোগ, তোলপাড়!
- আপডেট সময় : ০৪:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৯৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি।।ঝিনাইদহ পৌরসভার সামনে নিজ বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ নামে এক সমাজকর্মী ও ব্যবসায়ীকে চাঁদা দাবি এবং সম্পত্তি জবরদখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারিয়েট সদস্য, ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের কেবিনেট মেম্বার, বাংলাদেশ-চায়না ক্লাবের স্থায়ী সদস্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ড. মো. আনোয়ারুজ্জামান আজাদ তার নিজস্ব বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কাজল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঝিনাইদহ জেলা শাখা, এরশাদ, বাপ্পিসহ কয়েকজন ব্যক্তি একাধিক মোটরসাইকেলে করে তার অফিসের সামনে এসে অবস্থান নেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, ওই ব্যক্তিরা ড. আনোয়ারুজ্জামান আজাদকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং চাঁদা দাবি ও জমি-জমা দখলের হুমকি দেন। একই সঙ্গে তার প্রতিষ্ঠানের ম্যানেজারকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
ড. আনোয়ারুজ্জামান আজাদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আচরণে তিনি ও তার প্রতিষ্ঠানের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন বা চাঁদাবাজির চেষ্টা করলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তবে অভিযোগে উল্লিখিত চাঁদা দাবি, জমি দখলের হুমকি ও গালিগালাজের বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত কাজল মোল্লা, এরশাদ ও বাপ্পির বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
















