মো: জিয়াউদ্দিন বাবু।।বরিশাল বিমানবন্দরের অভ্যন্তরে বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টায় বাধা দেওয়ায় শ্রী মিঠু হালদার নামে এক আনসার সদস্যকে ঘাস কাটার কাচি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনকে আটক করেছে সিভিল এভিয়েশন নিরাপত্তা কর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন বরিশালের উত্তর রহমতপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। আহত মিঠু হালদার পিরোজপুরের নাজিরপুর উপজেলার ধীরেন্দ্র হালদারের ছেলে।
জানা যায়, বিমানবন্দরের ভেতরে ঘাস কাটার কাজের সময় রুহুল আমিন বৈদ্যুতিক ক্যাবল চুরির চেষ্টা করেন। এতে দায়িত্বরত আনসার সদস্য বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাকে কাচি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে পালানোর চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।
আহত আনসার সদস্যকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।