নিজস্ব প্রতিবেদক।। ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পক্ষ থেকে মগবাজারস্থ আদ্-দ্বীন হাসপাতালে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক, কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হচ্ছে।সংবাদকর্মীদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,এটি সত্য, তথ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।যারা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হামলার পথ বেছে নিয়েছে, তারা মূলত জনগণের জানার অধিকারকে পদদলিত করতে চায়।এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতীতে জানানো হয়, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন।মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে সংঘবদ্ধভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুধু নিন্দনীয় নয়, এটি আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে হামলার নেপথ্যের মদদদাতাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
তারা আরো স্পষ্টভাবে বলেছেন,সত্যকে চাপা দিতে, দুর্নীতি ও অনিয়ম আড়াল করতে কিংবা সাংবাদিকদের ভয় দেখিয়ে কলম থামিয়ে দেওয়ার অপচেষ্টা কখনোই সফল হবে না। সাংবাদিক সমাজ অতীতের মতো আজও ঐক্যবদ্ধ, এবং অন্যায়, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
সাংবাদিকদের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা। হামলাকারীদের বিচার, নিরাপদ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।